সংগঠন সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংগঠন সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

হরতাল-অবরোধের নামে বৃক্ষ নিধনের মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধে কঠোর আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের দাবিতে পরিবেশ বীক্ষণের মানববন্ধন


হরতাল-অবরোধের নামে নির্বচারে বৃক্ষ নিধনের মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধে কঠোর আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের দাবিতে আজ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করেছে পরিবেশ বীক্ষণ।

জহির রায়হান জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাম্য রাইয়ান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমান, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল হক মিলু, কুড়িগ্রাম জেলা উদীচীর সভাপতি সাবেক ছাত্রনেতা অধ্যাপক তপন রুদ্র প্রমূখ।

বক্তারা বলেন, আমরা দেখি গত একবছর যাবত অবরোধ এবং হরতালের নামে নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১৫-২০ হাজার বৃক্ষ নিধন হয়েছে, যার ক্ষতিপুরণ হতে প্রায় ২০-২৫ বছর সময় লাগবে। এমনিতেই প্রতিনিয়ত বনাঞ্চল ধ্বংস হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারনে। পরিবেশ বিনষ্ট হচ্ছে মারাত্মকভাবে। অন্যদিকে মনুষ্যসৃষ্ট দুর্যোগের মাধ্যমেও পরিবেশ ব্যাপক হরে বিনষ্ট হচ্ছে। বাংলাদেশে লোভের কারনে একদিকে বছরের পর বছর অবৈধভাবে বৃক্ষ নিধন হচ্ছে, তার উপর বর্তমানে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে যুক্ত হয়েছে জামাত-শিবিরের হরতাল-অবরোধে আন্দোলনের নামে নির্বিচারে বৃক্ষ নিধন।

বক্তারা নির্বিচারে এই গাছ কাটার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং বাস্তবায়নের দাবি তুলে ধরেন।


সংবাদটি যেসব পত্রিকায় প্রকাশিত হয়েছে: কুড়িগ্রাম লাইভ, দ্বন্দ্ব, timenews24 

বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

চ.বিতে প্রগতিশীল ছাত্রজোটের বর্ধিত ফি বিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দেয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর দফায় দফায় পুলিশি হামলা চালানো হয়। হামলায় ২৫ জন আহত হয় এবং ১২ জনকে গ্রেফতার করা হয়। এ হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ১১.০৯.২০১৩ খ্রি. তারিখে বিকাল ৪:৩০ মিনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শাপলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্রজোটের অন্যতম নেতা সাম্য রাইয়ান, গৌতম কুমার, আতিকুর রহমান, মৌসুমী রহমান প্রমূখ। সমাবেশে নেতারা দ্রুত বর্ধিত ফি প্রত্যাহার করে দাবি মেনে নেয়ার আহ্বান জানান এবং শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণ প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


বার্তাপ্রেরক
সাইদুর রহমান সাগর

সংবাদটি প্রকাশিত হয়েছে মাধ্যমে, Rnews24

জেলা সংসদের বৈঠক অনুষ্ঠিত

গত ০৪.০৯.২০১৩ খ্রি. তারিখ অনুষ্ঠিত কর্মীসভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ১১.০৯.২০১৩ খ্রি. তারিখ সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবসের ৫১তম বার্ষিকীর কর্মসূচি:
● বিকেল ৪টায় কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে আলোচনা সভা
● শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
● কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন
● বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের মুখপত্র 'মঞ্চ'র শিক্ষা দিবস সংখ্যা প্রকাশ

কর্মীসভা অনুষ্ঠিত

গত ০৪.০৯.২০১৩ খ্রি. তারিখে সকাল ১১:৩০ মিনিটে কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুস সালাম সংসদ। কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাম্য রাইয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় ১৬তম জেলা সম্মেলন, অনুষ্ঠিতব্য লংমার্চ, শিক্ষাদিবসসহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আগের দিন রংপুরে বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সাম্য রাইয়ান উপস্তিত ছিলেন।

জেলা সংসদের কর্মীসভায় গৃহীত সিদ্ধান্ত:
● ১৬তম জেলা সম্মেলন আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
● জেলা সংসদের আগামী বৈঠক ১১.০৯.২০১৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

গণধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নে গত মঙ্গলবার সকাল ১০:০০ টায় দশম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সমানে সকাল ১১টায় প্রগতিশীল ছাত্রজোটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্র জোট কুড়িগ্রাম জেলার নেতা মৌসুমী রহমান বুবলী, মোকলেছুর রহমান, আতিকুর রহমান আতিক, সাম্য রাইয়ান ও ধর্ষিতার বাবা। ছাত্রজোট নেতা গৌতম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আসামীদের গ্রেফতারের আগে প্রশাসন কীভাবে জামিনে মুক্তি দেয়। ধর্ষক আল-আমিন, মোত্তালেব, ফারুক এবং ইউপি চেয়ারম্যান গাজিউর রহমান মন্ডলকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রবিবার, ৭ জুলাই, ২০১৩

আগামী ৮ জুলাই জেলা সংসদের বৈঠক

আগামী ৮ জুলাই কুড়িগ্রাম জেলা সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।
স্থান: সাধরণ পাঠাগার, কুড়িগ্রাম
সময়: বিকেল ৫ টা

অনুষ্ঠিতব্য বৈঠকে জেলা কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জানানো হল।

বুধবার, ২২ মে, ২০১৩

জেলা কমিটির বৈঠক আগামী ২৬ মে ২০১৩

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে রোববার বিকাল ৫ টায় কলেজ মোড়স্থ সাধারণ পাঠাগারে। জেলা কমিটির সদস্যগণকে যথাসময়ে উপস্থিত থাকতে আহ্বান করা হচ্ছে।

আলোচনার প্রধান বিষয়:
  • ১৬ তম জেলা সম্মেলন

শনিবার, ১৮ মে, ২০১৩

উলিপুর উপজেলা শাখার কর্মশালা অনুষ্ঠিত

গত ১০ মে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উলিপুর উপজেলা শাখার আয়োজনে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। উলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বিকাল ৩ টায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাম্য রাইয়ান।

সাবেক ছাত্রনেতা রানু-র বক্তব্যের মধ্য দিয়ে সূচিত এই কর্মশালায় কর্মপদ্ধতি এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৩

ক্লাস বর্জন কর্মসূচি সফল

সাভারে গণহত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট দেশব্যাপি ২৮ এপ্রিল ক্লাস বর্জন কর্মসূচি আহ্বান করে। এরই অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় ক্লাস বর্জন করা হয়, সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। উপজেলাগুলোতে এই কর্মসূচি ছিল ঢিলেঢালা। তবে শহরে ব্যাপকভাবে সফল হয়।

ছাত্রজোটের বৈঠক অনুষ্ঠিত

গত ২৭ এপ্রিল সকাল ১১ টায় কুড়িগ্রাম সরকারি কলেজে বকুল চত্ত্বরে প্রগতিশীল ছাত্রজোটের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমান। বৈঠকে ছাত্র ইউনিয়ন-এর নেতৃবৃন্দসহ ছাত্রফ্রন্ট-এর দুইটি গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হওয়া বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয় এবং ভবিষ্যত কর্মসূচি নির্ধারণ করা হয়। আলোচনায় অংশগ্রহন করেন সাম্য রাইয়ান, মৌসুমী রহমান, স্বপন, আতিক, গৌতম কুমার, নিরঞ্জন চন্দ্র রায়, রনজিৎ।

সাভার গণহত্যার প্রতিবাদে সারাদেশে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি:
  • ২৮ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস বর্জন
  • ৩০ এপ্রিল ছাত্র ধর্মঘট

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

রানা প্লাজায় শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় শোক..


ঢাকার সাভারে রানা প্লাজায় শতশত শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় ২৫ এপ্রিল ২০১৩ তারিখ রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের জরুরি বৈঠকে:

১. নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয়। শোকসন্ত্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
২. এই হত্যাকান্ডের প্রধান রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাসহ এর সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শস্তির দাবি জানানো হয়।
৩. ২৬ এপ্রিল ছাত্র ইউনিয়নের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রাম শহিদ মিনারে যে আলোচনা সভা, র‌্যালি, গণসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই অনুষ্ঠান স্থগিত থাকবে।



মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

ছাত্র ইউনিয়নের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা, গণসাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন সম্পন্ন




আগামী ২৬ এপ্রিল ২০১৩ তারিখ ছাত্র ইউনিয়নের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে বিকেল ৪ টায় আলোচনা সভা, গণসাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে...

গণসঙ্গীত ও নাটক পরিবেশন করবে সাংস্কৃতিক ইউনিয়ন, কুড়িগ্রাম।

নাটক: প্রজন্মের শ্লোগান।

রবিবার, ৭ এপ্রিল, ২০১৩

সংস্কৃতিকর্মী সাগরের উপর মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তির হামলার প্রতিবাদে কুড়িগ্রামে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গত ৬ এপ্রিল সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের ছাত্রাবাস থেকে মোগলবাসায় নিজ বাড়ি যাবার পথে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাগরকে শিবির ক্যাডার আবু বক্কর সিদ্দিক ও ছাত্রদলের ফারিফুলের নেতৃত্বে আক্রমন করে স্থানীয় ছাত্রদল-জামাত-শিবির-এর ক্যাডাররা। হামলার একপর্যায়ে চিৎকার-চ্যাচামেচির শব্দে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলে ক্যাডাররা পালিয়ে যায়। ৬ তারিখ রাতে তাকে হাসপাতালে ভর্তি করার পর ৭ তারিখ গুরুতর অসুস্থ থাকলেও কর্তব্যরত চিকিৎসক তাকে ছাড়পত্র প্রদান করে। পরবর্তীতে ৭ এপ্রিল রাতে তাকে পুনঃভর্তি করানো হয়।

এই ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদে ৭ তারিখ প্রগতিশীল ছাত্রজোট কুড়িগ্রাম জেলা শাখা প্রতিবাদ মিছিল করে। সন্ধ্যা ৬:৩০ মিনিটে শহিদ মিনার চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিলটি কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে কলেজ মোড়ে সংপ্তি সমাবেশ করে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্টের সংগঠক মৌসুমী রহমান বুবলী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক সাম্য রাইয়ান, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন চন্দ্র রায়, জেলা সিপিবি’র সাধারন সম্পাদক কমরেড নূর মোহাম্মদ আনসান। বক্তারা এই ঘটনার তীব্য নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান; অন্যথায় আরো কঠোর আন্দোলন করার ঘোষণা দেন।

সংবাদটি বাংলানিউজটোয়েন্টিফোর-এ পড়তে <ক্লিক করুন>  
সংবাদটি সাপ্তাহিক একতায় পড়তে এখানে  <ক্লিক করুন>


বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'১৩

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদ কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ উপলক্ষে রাত ১১:৩০ মিনিটে একটি র‌্যালি শহিদ মিনার অভিমুখে রওনা দেয়। পরবর্তীতে রাত ১২ টার কিছু পরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা, মজিদা আদর্শ মহাবিদ্যালয় শাখা, কাঁঠালবাড়ী উপজেলা, রৌমারী উপজেলাসহ অন্যান্য সকল শাখা সকালে নিজ এলাকাস্থ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৩

আলোচনা, প্রতিবাদী গান-আবৃত্তি ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন

১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা 'ছাত্র জমায়েত' এর আয়োজন করে। সকাল ১১ টায় কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে উক্ত কর্মসূচি শুরু হয়। সমাবেশে বক্তব্য রাখেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা কমরেড নূর মোহাম্মদ আনসার, কমরেড আক্তারুল ইসলাম রাজু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল কলেজ প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছাত্রনেতা জহির রায়হান জুয়েল।

আলোচনা শেষে সাংস্কৃতিক ইউনিয়ন প্রতিবাদী গান ও আবৃত্তি পরিবেশন করে।

উল্লেখ্য, এ উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের মুখপত্র 'মঞ্চ' বুলেটিন প্রকাশিত হয়েছে।


শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৩

আগামী ১৪ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সরকারি কলেজে 'ছাত্র জমায়েত'

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সরকারি কলেজে 'ছাত্র জমায়েত' আহ্বান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।

কুড়িগ্রাম সরকারি কলেজের একুশে মঞ্চে সকাল ১১ টায় উক্ত ছাত্র জমায়েতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বৈরাচার প্রতিরোধ আন্দোলনের নেতা কমরেড নূর মোহাম্মদ আনসার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা সুদেব রায় এবং কুড়িগ্রাম জেলা সংসদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোকলেছুর রহমান।

সভাপতিত্ব করবেন কুড়িগ্রাম সরকারী কলেজ শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়। সভা পরিচালনা করবেন সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক।

নেতৃবৃন্দ উক্ত সমাবেশে সকল ছাত্রকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের মুখপত্র 'মঞ্চ'র বিশেষ বুলেটিন প্রকাশিত হয়েছে।


কাদের মোল্লার ফাঁসির দাবিতে কুড়িগ্রাম শহীদ মিনারে সমাবেশ

কাদের মোল্লা ওরফে কসাই কাদেরসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে কুড়িগ্রামে গত ৮ ফেব্রুয়ারি থেকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে গণজাগরণ সমাবেশ শুরু হয়েছ। 

আয়োজন করেছে ‌'একাত্তুরের মঞ্চ'।

এই মঞ্চে প্রতিদিন থাকছে প্রতিবাদী গান, কবিতা, স্লোগান... আরো অনেক কিছু। প্রতিদিন প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করছে সাংস্কৃতিক ইউনিয়ন, প্রচ্ছদ, উদীচীসহ প্রগতিশীল সংগঠনসমূহ।

কাদের মোল্লার ফাঁসির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সমাবেশ প্রতিদিন চলবে বিকেল ৪ টা থেকে রাত ১০টা/১১টা পর্যন্ত।

উল্লেখ্য, এ উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের মুখপত্র 'মঞ্চ'র ফাঁসির দাবি সংখ্যা প্রকাশিত হয়েছে।


বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৩

সাংস্কৃতিক ইউনিয়ন, কুড়িগ্রাম এর প্রথম কাউন্সিল অনুষ্ঠিত

গত ১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখ কুড়িগ্রাম জেলা উদীচী কার্যালয়ে সাংস্কৃতিক ইউনিয়ন, কুড়িগ্রাম এর প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সাম্য রাইয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের '৬২-র শিক্ষা আন্দোলনের নেতা কমরেড শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা মোকলেছুর রহমান।

কাউন্সিলে সাইদুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মনিরুজ্জামান মন, জুয়েল রানা, জরীফ উদ্দীন, আতিকুর রহমান, একরামুল, শফিকুল।

কাউন্সিলে দুইটি পদ ফাঁকা রাখা হয়, যা পরবর্তীতে কো-আপ্ট করে নেয়া হবে।

বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩

কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের যৌথ উদ্যোগে গত ২৯ জানুয়ারি কুড়িগ্রাম জেলাস্থ ফুলবাড়ী উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

সকাল ১১ টায় শীতার্ত-দুস্থ গ্রামবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড নূর মোহাম্মদ আনসার, কুড়িগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়। 

এসময় ফুলবাড়ীস্থ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।



সাংস্কৃতিক ইউনিয়ন কুড়িগ্রাম-এর প্রথম কাউন্সিল আগামী পহেলা ফ্রব্রুয়ারি

সাংস্কৃতিক ইউনিয়ন, কুড়িগ্রাম এর প্রথম কাউন্সিল আগামী পহেলা ফ্রব্রুয়ারি ২০১৩ তারিখে কুড়িগ্রাম জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

উক্ত কাউন্সিল উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাম্য রাইয়ান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন '৬২-র শিক্ষা আন্দোলনের নেতা কমরেড শাহাদৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা মোকলেছুর রহমান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা নিরঞ্জন চন্দ্র রায়।